পুণ্যভূমি ডেস্ক
অক্টোবর / ৩১ / ২০২২
বিসিএস পুলিশ ক্যাডারের আরও দুই কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই তাদেরকে অবসরে পাঠানোর বিষয়ে আজ সোমবার আলাদা প্রজ্ঞাপন জারি হয়েছে।
অবসরে পাঠানো ওই দুই কর্মকর্তা হলেন- ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আলমগীর আলম ও ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাহবুব হাকিম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য জনাব মো. আলমগীর আলম, বিপি- ৬৬৯১০০৬৯৭৭, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, অপরাধ তদন্ত বিভাগ, ঢাকা-কে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এ ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অপর প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য জনাব মো. মাহবুব হাকিম, বিপি- ৬৫৯১০০০০২৪, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা-কে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এ ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।