পুণ্যভূমি ডেস্ক
নভেম্বর / ০৬ / ২০২২
সিলেট নগরের পাঠানটুলা এলাকা থেকে রিপন দাস ও শিপা তালুকদার নামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ নভেম্বর) সকালে ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের দুই বছরের শিশু কন্যা রয়েছে।
জানা যায়, সকালে ঘরের ভেতর থেকে তাদের ছোট্ট মেয়ের কান্নার শব্দ শুনে ডাকাডাকি করেন বাসার অন্যান্যরা। এসময় অনেক ডাকাডাকি করার পরও ভেতর থেকে দরজা না খোলায় তারা পুলিশে খবর দেন। পরে বেলা ১১টার পুলিশ ঘটনা এসে ঝুলন্ত অবস্থায় আলাদা দুই কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
শিপা তালুকদার সুনামগঞ্জ সদরের মনপুর ইউনিয়নের ফন্দিয়া গ্রামের নির্ণয় তালুকদারের মেয়ে ও রিপন দাস জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের সুভাষ দাসের ছেলে ।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। সকাল ৯ দিকে ঘরের ভেতর থেকে মেয়ের কান্না শুনতে পান। পারিবারিক কলহের কারণেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন তারা।
ঘটনার খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ, এডিসি গৌতম দেবসহ অন্যান্য পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘সকাল ১১টার দিকে আমরা খবর পাই। তারপর ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। মরদেহগুলো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য জানা গেছে।
তাদের লেখা একটি চিরকুট পাওয়া গেছে, পুলিশের একটি সূত্র জানায়, উদ্ধারকৃত চিরকুটের মধ্যে লিখা আছে, ‘আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানকে খেয়াল রেখো।’
কিন্তু এই চিরকুটটি রিপন নাকি শিপা কে লিখেছেন, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। আর কোনো ‘পাপের’ কথা এখানে লিখা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশায় আছে তারা।
তবে ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘দুজনের মধ্যে কোনো একজনের পরকীয়া সম্পর্ক ছিল। তাদের মোবাইল ফোন' নিয়ে কাজ করবে পুলিশ। তাতে বিস্তারিত তথ্য মিলতে পারে।’
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে ওই ঘরের মধ্যে শিশুর কান্না শুনতে পান প্রতিবেশীরা। বাইরে থেকে তখন ডাকাডাকি করে রিপন ও শিপার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানানো হয় জালালাবাদ থানা পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে পৃথক দুটি কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।