আবীর মোঃ মুমিত
নভেম্বর / ০১ / ২০২২
আবীর মোঃ মুমিত: সিলেট থেকে বাংলাদেশ বিমানের আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট যুক্ত হল। সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশ্যে ছেড়ে গেল ফ্লাইটটি। মঙ্গলবার রাত দশটা ৩০ মিনিটে ছেড়ে যাওয়া উদ্বোধনী ফ্লাইটের যাত্রীর সংখ্যা ছিল ১৬১ জন এর মধ্যে সিলেটের যাত্রী ৮৪ এবং শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের যাত্রী ৭৭ জন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শারজাহর উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানের ফ্লাইট-বিজি-২৫১। এ আগে ২৪ অক্টোবর সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি বিমানের ফ্লাইট চালু হয়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর এর পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক মানদন্ডে উন্নিত হওয়ায় ও বিমানবন্দরের সার্বিক সক্ষমতা বাড়ার ফলে আন্তর্জাতিক নতুন নতুন রুটে ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে প্রাপ্ত সংবাদে জানা যায় সিলেট থেকে ছেড়ে যাওয়া শারজাহমুখী ফ্লাইটটি পৌঁছাবে বুধবার স্থানীয় সময় রাত ২টায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার রাত সাড়ে ৩টায় ছেড়ে সিলেট এসে পৌঁছাবে বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে। এরপর সিলেট থেকে বেলা ১১টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে।
বিমান বাংলাদেশ সিলেটের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার প্রতিবেদকের সাথে আলাপে জানান,এই রুটে সরাসরি ফ্লাইট চালু হওয়াতে সিলেটের যাত্রীদের ভোগান্তি কমবে। কারণ শারজাহর এই ফ্লাইটটিতে যেতে আগে যাত্রীদের ঢাকা যেতে হতো। এতে সময় ও অর্থের অপচয় হতো।তিনি বলেন ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বাংলাদেশ বিমানের একটি বড় সফলতা।