পুণ্যভূমি ডেস্ক
ডিসেম্বর / ০৮ / ২০২২
রাজধানী ঢাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও গ্রেফতারের ঘটনার পর সিলেট নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।সহিংসতার আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।নজরদারিতে রাখা হয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যার পর থেকে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সবক’টি ইউনিটকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দাদের নজরদারিও বাড়ানো হয়েছে। বিক্ষোভ-সভার নামে কোথাও কোনো ধরণের অরাজকতার চেষ্ঠা চালানো হলে তাৎক্ষনিক অ্যাকশনে যেতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। যাদের ইশরায় নগরী অশান্ত হতে পারে- বিএনপি ও অঙ্গ সংগঠনের এমন বিশেষ কয়েক নেতার গতিবিধির ওপর নজরদারি চলছে।
এছাড়া রাজনৈতিক দুর্বৃত্ত ও বিভিন্ন নাশকতার মামলার আসামীদের ধরতে বিশেষ অভিযান চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। এখন পর্যন্ত সিলেট নগরী শান্ত থাকলেও যে কোনো সময় নাশকতার আশঙ্কা মাথায় রেখেই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
তবে বিষয়টি নিয়ে প্রশাসনের কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নি।