নিজস্ব প্রতিবেদক
নভেম্বর / ১৭ / ২০২২
সিলেটের জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আগামী পাঁচ বছর যাতে আমি সততার সাথে নিষ্ঠার সাথে, আপনাদেরকে নিয়ে সকলের সহযোগিতার মাধ্যমে আমি যেনো আমার দায়িত্ব পালন করতে পারি,সেই আশাবাদ ব্যাক্ত করেছেন সিলেট জেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে নগরীর তালতলায় একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই সহযোগীতার আহ্বান জানান।
মতবিনিময় সভার শুরুতে তিনি উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানিয়ে বলেন, জনগনের জন্য রাজনীতি করি। সে সুবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদ নির্বাচনে আমাকে চেয়ারম্যান হিসাবে মনোনয়ন দিয়েছেন। আমি মনোনয়নপত্র দাখিল করি এবং কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন ছাড়াই আমাকে বিজয়ী ঘোষণা করা হয়।
তিনি বলেন, এরপর যথারীতি গ্যাজেট হয় এবং শপথ গ্রহণ করি। আগামী ২০ নভেম্বর রবিবার থেকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমার কার্যক্রম শুরু হবে। আমি সিলেটবাসীর উন্নয়নে যাতে কাজ করতে পারি,আগামী পাঁচ বছর আমার কাজে আপনাদের সহযোগীতা চাই।
সভায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং সোনার বাংলাকে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং দেশ গড়ার স্বপ্নে স্ব স্ব স্থানে যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দিয়েছেন।
এডভোকেট নাসির উদ্দিন খান সম্পর্কে তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করতে করতে নাসির খান আজ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এখন তার যাত্রা শুরু হলো জনপ্রতিনিধি হিসাবে। তিনি আগামী পাঁচ বছর জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে জনগনের জন্য কাজ করবেন। সিলেটের সাংবাদিকদের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা নাসির খানের ভালো কাজের প্রশংসা করবেন এবং কোন ভুলভ্রান্তি করলে তার গঠনমূলক সমালোচনা করবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট জজকোর্টের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী,সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ,দৈনিক জালালাবাদ এর সম্পাদক মুকতা বিস উন নূর,দৈনিক মিরর এর সম্পাদক আহমেদ নূর,দৈনিক পুণ্যভূমি'র সম্পাদক আবু তালেব মুরাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী,সময় টিভি সিলেটের ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ সহ সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।