শাবি প্রতিনিধি
নভেম্বর / ০৩ / ২০২২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরীক্ষা
নিয়ন্ত্রক দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তার ছেলের চিকিৎসার্থে ১০
দিনব্যাপী ‘কিন বই উৎসব’র আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’। আগামী ৬ নভেম্বর
বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ বইমেলা শুরু হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সংগঠনটির সেক্রেটারি অব ওয়েব মো. সালমান আসাদ্দু এ বিষয়টি জানান।
তিনি
বলেন, প্রতিবারের ন্যায় এবারও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কিনের উদ্যোগে
বই উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের বই উৎসব ভাষা সৈনিক ও শিক্ষাবিদ প্রতিভা
মুৎসুদ্দি কে উৎসর্গ করা হয়েছে। মূলত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক
দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামীদের এক বছরের ছেলে আহমেদ
হুসাইন আল মোস্তফা বাইল্যাটারাল প্রোফাউন্ড হিয়ারিং লস রোগে আক্রান্ত। তার
চিকিৎসায় সহযোগিতা করার লক্ষ্যে এ বইমেলার আয়োজন করা হয়। বইমেলা থেকে
প্রাপ্ত অর্থ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান,
এবারের বইমেলায় দেশের জনপ্রিয় অন্যপ্রকাশ, আগামী পাবলিকেশন, অন্বেষা
পাবলিকেশন, বাতিঘর ও অনলাইন প্রকাশনী রকমারি ডটকমসহ ২০টি প্রকাশনী
অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় প্রতিদিন সকাল ৯ টা থেকে
সন্ধ্যা ৭ টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা
পর্যন্ত) বইমেলা চলবে।
উল্লেখ্য, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল
হামীদের ছেলের দুই কানের শ্রবণশক্তি জিরো হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভারতের
চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।