টানটান উত্তেজনা

পুণ্যভূমি ডেস্ক

জানুয়ারী / ১০ / ২০২৩

টানটান উত্তেজনা
ad-spce

১১ জানুয়ারি বিএনপি ও সমমনা দলগুলোর সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি গণঅবস্থান। রাজধানী ঢাকাসহ ১০ সাংগঠনিক বিভাগে বিএনপির গণঅবস্থানকালে মাঠে থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও। তাই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, গণঅবস্থানের নামে আন্দোলনকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে। তবে বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আশ্বাস দেয়া হলেও বাধা দিলে প্রতিরোধ করার কথা বলা হয়েছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে আজকের গণঅবস্থান শেষে আসছে নতুন কর্মসূচি।  
পূর্ব ঘোষণা অনুসারে গণঅবস্থান কর্মসূচিতে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। কর্মসূচি সফল করতে দলের সিনিয়র নেতাদের বিভাগভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে। বিশেষ করে দেশে রাজনীতির কেন্দ্রবিন্দু  রাজধানী ঢাকার গণঅবস্থানে যাতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ঘটনো যায়, সে জন্য প্রতিটি থানা ও ওয়ার্ড এবং ঢাকার আশপাশের বিভিন্ন এলাকার নেতাদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকেও নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেয়া হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে গণঅবস্থান কর্মসূচি। বেলা ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে। এ জন্য পুলিশ কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়েছে। এই গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আরেক স্থায়ী কমিটির সদস্য কারামুক্ত দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এ ছাড়াও সিলেটে গয়েশ্বরচন্দ্র রায়, রাজশাহীতে ড. আবদুল মঈন খান, ময়মনসিংহে নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রংপুরে ইকবাল হাসান মাহমুদ টুকু, ফরিদপুরে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, কুমিল্লায় ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও খুলনায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু থাকবেন।
১০ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নেতাদের সঙ্গে থাকছেন সংশ্লিষ্ট বিভাগের অধিবাসী নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাবেক এমপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বা আহ্বায়ক, সাধারণ সম্পাদক বা সদস্য সচিব জেলা ও মহানগর বিএনপির সভাপতি বা আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক বা সদস্য সচিবরা।
বিএনপির বাইরে জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোও সরকার বিরোধী যুগপৎ গণঅবস্থান কর্মসূচিতে মাঠে থাকবে। এর আগে ৩০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিলে বিএনপির সঙ্গে অবস্থান করেছিল জামায়াত, মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম, ৪ দলের সমন্বয়ে জোট গণতান্ত্রিক বাম ঐক্য এবং ৭ দলীয় গণতন্ত্র মঞ্চ ও ১৫টি সংগঠনের সমন্বয়ে গঠিত সমমনা গণতান্ত্রিক জোটসহ  ৩৩টি রাজনৈতিক দল ও সংগঠন। এবারও এসব দল ও সংগঠন মাঠে থাকবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
এদিকে বিএনপিসহ সমমনা দলগুলোর গণঅবস্থান কর্মসূচিকালে  মাঠে থাকবে আওয়ামী লীগ। প্রতিটি পাড়া-মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে বলা হয়েছে।  রাজধানীতে ১০ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বরের মতো আজও  প্রতিটি থানা, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় শান্তিপূর্ণ অবস্থানে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপিসহ সমমনা দলগুলো গণঅবস্থানের নামে নাশকতার চেষ্টা করলে রাজনৈতিকভাবে মোকাবিলার করবে আওয়ামী লীগ।
এদিকে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র, নাশকতার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করবে। এতে প্রধান অতিথি  থাকছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। আর বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ মিরপুরের ৮ নং ওয়ার্ডের ঈদগাহ মাঠে শান্তি সমাবেশ করবে। এই সমাবেশেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ  দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের পাশাপাশি আজ বিএনপির গণঅবস্থান কর্মসূচি পালনকালে সতর্ক অবস্থানে থাকবে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও। বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ কেন্দ্রীয় শহীদমিনারে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে সকাল থেকে সতর্ক অবস্থানে থাকবে কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্ক অবস্থানে থাকবে ছাত্রলীগ।
এদিকে আজকের গণঅবস্থান কর্মসূচি নিয়ে বিএনপি নেতাদের হাঁকডাক প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আক্রমণ করব না, তবে সতর্ক পাহারায় থাকব। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি আমাকে বারবার  মারবেন, আর আমি চুপ করে বসে থাকব, দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব, তা কি করে হয়! আমরা সারাদেশেই আগে যেমন ছিলাম, তেমনই সতর্ক অবস্থানে থাকব। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে থাকবে।
তিনি বলেন, যেকোনো সহিংসতার সমুচিত জবাব দিতে আওয়ামী লীগ প্রস্তুত। অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ, সুসংগঠিত। তাই আওয়ামী লীগ এখন অনেক বেশি শক্তিশালী। দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র ও আন্দোলনের নামে যে কোনো সংহিসতার সমুচিত জবাব ও সাম্প্রদায়িতার উত্থান রুখে দিতে প্রস্তুত আওয়ামী লীগ। তাই বিএনপির আগের কর্মসূচি যেভাবে মোকাবিলা করা হয়েছে এবারও একইভাবে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা রাজনৈতিকভাবে বিএনপির গণঅবস্থান কর্মসূচি মোকাবিলা করবে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ বলেছেন, আমরা ১০ ডিসেম্বরের সমাবেশ ও ৩০ ডিসেম্বরের গণমিছিল কর্মসূচির মতো শান্তিপূর্ণভাবেই গণঅবস্থান কর্মসূচি পালন করতে চাই।  তবে কর্মসূচিতে বাধা দেয়া হলে প্রতিরোধ করা হবে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে বাধা দেয়া হবে না। তবে গণঅবস্থান কর্মসূচির নামে  জনদুর্ভোগ সৃষ্টি করলে সহ্য করা হবে না। গণঅবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাংচুরচুর বা ধ্বংসাত্মক কাজ করলে নিরাপত্তাবাহিনী তা প্রতিহত করবে।
এদিকে সম্প্রতি বিএনপির সঙ্গে বৈঠককালে তাদের সমমনা ১২ দলীয় জোটের নেতারা বলেছেন, ক্ষমতাসীন সরকারকে পদত্যাগে বাধ্য করতে যুগপৎ আন্দোলনে কঠোর কর্মসূচি চায় তারা। ঢাকার উদ্দেশে সব বিভাগীয় শহর থেকে লংমার্চ কর্মসূচির দাবিও  জানায় তারা। তবে বিএনপির পক্ষ থেকে তাদের জানানো হয় ধাপে ধাপে সময়োপযোগী কর্মসূচি দেয়া হবে। যখন যে কর্মসূচি আসে সে কর্মসূচি পালন করতে সমমনা দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উল্লেখ্য, সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের প্রথম গণমিছিল কর্মসূচি পালন করা হয় দুই দফায়।
প্রথম দফায় ২৪ ডিসেম্বর ঢাকা ছাড়া সকল মহানগর ও জেলা সদরে গণমিছিল কর্মসূচি পালন করে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। ওইদিন রাজধানীতে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় ৩০ ডিসেম্বর ঢাকায় পালন করা হয় গণমিছিল কর্মসূচি। আর ওই কর্মসূচি পালন শেষে ঘোষণা করা হয় যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি গণঅবস্থান। ওই ঘোষণা অনুসারে আজ ১১ জানুয়ারি ঢাকাসহ সারাদেশের সকল বিভাগে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালন করছে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো।
ঢাকার বইরের ৯ সাংগঠনিক বিভাগে গণসমাবেশ করার পর ১০ ডিসেম্বর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হয় বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ। সেখান থেকে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ ১০ দফা দাবি পেশ করা হয়।
সরকারবিরোধী আন্দোলন জোরদারের অংশ হিসেবে ১৯ ডিসেম্বর সমমনা দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলনের ২৭ দফা রূপরেখা ঘোষণা করে বিএনপি।
এ রূপরেথা অনুসারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় যেতে পারলে যুগপৎ আন্দোলনকারী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। এর পর আন্দোলনের রূপরেখা অনুসারে ২৭ দফা রাষ্ট্র মেরামত বাস্তবায়ন করবে। বিএনপির ২৭ দফা রাষ্ট্র মেরামতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সংবিধান সংশোধন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, জাতীয় সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী না থাকা, ন্যায়পাল নিয়োগ, ‘রেইনবো ন্যাশন’ প্রতিষ্ঠা করা, মিডিয়া কমিশন গঠন, দুর্নীতির অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ করা, সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা, নির্বাচন কমিশন আইন সংশোধন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর স্বাধীন ও শক্তিশালী করা, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা ও বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত একটি জুডিসিয়াল কমিশন গঠন করা।

ad-spce

রাজনীতি

ad-spce

সর্বশেষ আপডেট

টানটান উত্তেজনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রেজিষ্ট্রারী মাঠে বিএনপির বিভাগীয় গণ অবস্থান বুধবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আদালত স্বাধীন বলেই ফখরুল-আব্বাস মুক্তি পেয়েছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করছেন : ওবায়দুল কাদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতি বজায় রাখছে : মোমেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ হাসিনার সরকার দেশের অবহেলিত মানুষের জন্য কাজ করে : শফিক চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলে দেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ডেঙ্গু’তে আক্রান্ত হয়ে আরও ২৭ হাসপাতালে ভর্তি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অস্তিত্ব রক্ষায় বিএনপিকে নির্বাচনে আসতে হবে : ওবায়দুল কাদের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বর্ণের দাম বেড়ে নতুন ইতিহাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce