পুণ্যভূমি ডেস্ক
জানুয়ারী / ০৪ / ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নবনির্বাচিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। এ সময় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী রফিকুল ইসলাম চৌধুরী রনি এবং সৈয়দা জেবুন্নেছা হকের ছেলে ও সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামালও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তিনি।
তাঁরা কুশল বিনিময়ের পাশাপাশি পরস্পরের স্বাস্থ্যের বিষয়েও খোঁজ নেন। জীবনের শেষ সময়ে এসে তাকে এতো বড় সম্মান দেখানোর জন্য সৈয়দা জেবুন্নেছা হক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ২৭ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন নাবেক সংসদ সদস্য সিলেটের সৈয়দা জেবুন্নেছা হক। সিলেটের অধিকাংশ মানুষের কাছে ‘ভাবি’ হিসেবে পরিচিত সৈয়দা জেবুন্নেছা হক বৃহত্তর সিলেটের নারী অধিকারের আন্দোলন ও রাজনীতির এক জীবন্ত-কিংবদন্তি। যার বর্ণাঢ্য জীবন জড়িয়ে আছে মুক্তিযুদ্ধসহ বাঙালির প্রতিটি সংগ্রামে। তার কর্মময় জীবন নিয়ে ‘জ্যোতির্ময়ী’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও সৈয়দা জেবুন্নেছা হক বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও বেগম রোকেয়া পদকে ভূষিত হয়েছেন।
স্বামী মরহুম বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের হাত ধরে রাজনীতিতে নামলেও পরে স্থানীয় রাজনীতিতে নারীদের সংগঠিত করতে সৈয়দা জেবুন্নেছা হক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ দিন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছাড়াও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। দলের একনিষ্ঠ কর্মী হিসেবে দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার পুরস্কার হিসেবে তিনি সংরক্ষিত আসনে (সিলেট-সুনামগঞ্জ) দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।