পুণ্যভূমি স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর / ০৩ / ২০২২
বৃহস্পতিবার পর্যন্ত খবর সবই ঠিক ছিলো। বলা হচ্ছিলো, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন নেইমার। এমনকি দ্বিতীয় রাউন্ডেও হয়তো মাঠে নামতে পারবেন তিনি। কিন্তু শুক্রবার এসে শোনা গেলো নতুন শঙ্কার খবর। নেইমারের ইনজুরি যা ভাবা হয়েছিলো, তার চেয়েও বেশি এবং খুব সম্ভবত চলতি বিশ্বকাপে আর মাঠেই নামতে পারছেন না তিনি। শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচটির আগেই নতুন করে গুঞ্জন তৈরি হলো নেইমারকে নিয়ে। ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর, ক্যামেরুন ম্যাচে তো বটেই, নেইমার এই বিশ্বকাপের আর কোনও ম্যাচেই অংশ নিতে পারবেন না। তার লিগামেন্টে বড়সড় সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডের দ্য মিররও প্রায় একই খবর প্রকাশ করেছে।
সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন নেইমার। পরে জানানো হয়, গ্রুপ পর্বে আর তিনি খেলতে পারবেন না। তবে নকআউটে পাওয়া যাবে; কিন্তু ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচের আগে খবর পাওয়া যাচ্ছে, নেইমারকে নকআউটে পাওয়ার সম্ভাবনাও কম। তার চোট যে রকম মনে করা হয়েছিল, তার চেয়েও বেশি গুরুতর। এখনও তার গোড়ালি ভাল রকম ফুলে রয়েছে। খুবই ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ক্যামেরুন ম্যাচের আগে ব্রাজিলের সহকারী কোচ ক্লেবার হ্যাভিয়ের বলেছেন, ‘নেইমার ধীরে ধীরে উন্নতি করছে। তবে আপাতত আমাদের ফোকাস ক্যামেরুন ম্যাচে। সেটা হয়ে গেলে দলের বাকিদের কার কী অবস্থা সেটা নিয়ে ভাবার সময় পাব। তার ফেরার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের।’ যদিও কী পরিকল্পনা, তা বিস্তারিত বলেননি তিনি। তার এ কথাতেই সিঁদুরে মেঘ দেখছেন ব্রাজিলের সমর্থকরা। শোনা যাচ্ছে, নেইমারের লিগামেন্ট ভাল রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তার হাঁটু এখনও ফুলে রয়েছে। ওষুধ খাইয়েও ব্যথা সেভাবে কমছে না। ফলে শেষ ষোলো তো বটেই, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে তখনও নেইমারকে পাওয়া যাবে কি না, কেউই নিশ্চিত নয়।
কাতারে শেষ ম্যাচ নেইমার এরইমধ্যে খেলে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। এই নিয়ে তিনটি বিশ্বকাপে খেললেন। আগের দু’টিতেও চোট আঘাতে ভুগেছেন। ২০১৪ বিশ্বকাপে কোমরে চোট পেয়ে কোয়ার্টারেই শেষ হয়ে গিয়েছিল তার যাত্রা। ২০১৮ বিশ্বকাপের আগেই চোটে ভুগছিলেন। ফলে বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি।
দলে আসছে বড় পরিবর্তন
চলতি কাতার বিশ্বকাপে সার্বিয়া এবং সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে দারুণ শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল। অবশ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ শুক্রবার ক্যামেরুনের মোকাবেলা করবে তিতের দল। শীর্ষস্থান পাকা করতে কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ দিবাগত রাত ১টায় ক্যামেরুনের বিরুদ্ধে লড়বে ব্রাজিল।
অবশ্য এ ম্যাচে ব্রাজিল দলে আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন। শেষ ষোলো নিশ্চিত হওয়ায় ক্যামেরুনের বিপক্ষে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতে প্রস্তুত ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অবশ্য কোচ তিতে বললেন, ‘খেলোয়াড়রা মাঠে যা করে তার উপর ভিত্তি করেই আমি তাদের পরিমাপ করতে পারি। এটা একটা ঝুঁকি, হ্যাঁ, কিন্তু এটা তাদের জন্য তাদের মান দেখানোর সুযোগ।’
ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিল দলে থাকছেন না নেইমার এবং দানিলো। কেননা দুজনই ভুগছেন গোড়ালিতে চোটে। অন্যদিকে অ্যালেক্স সান্দ্রোও বাদ পড়েছেন। এছাড়া ব্রাজিল কোচ তিতে গোলরক্ষক অ্যালিসন বেকার, ডিফেন্ডার জুটি থিয়াগো সিলভা এবং মারকুইনহোসকে বিশ্রাম দিতে পারেন।
অন্যদিকে ক্যাসেমিরো, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র এবং রিচার্লিসনদের মতো তারকাদেরও ক্যামেরুনের বিপক্ষে বিশ্রাম দেবেন বলে আশা করা হচ্ছে। সে কারণে নতুন করে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন, লিভারপুলের মিডফিল্ডার ফ্যাবিনহো এবং ডিফেন্ডার দানি আলভেসরা দলে আসতে চলেছেন এক প্রকার নিশ্চিতই।