বিজ্ঞপ্তি
নভেম্বর / ০৪ / ২০২২
চাঁদাবাজদের হয়ে কাজ করছেন বিয়ানীবাজারের চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়সল আহমদ। এলাকার চিহ্নিত একটি চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তদন্তের নামে ১৫ আসামীর ১৪ জনকেই বাদ দিয়ে রিপোর্ট দাখিল করেছেন তিনি। সেই রিপোর্ট প্রত্যাখ্যান করে আদালতে নারাজি প্রতিবেদন দাখিল করেছেন বলে জানিয়েছেন বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের বাগবাড়ি গ্রামের জমশেদ আলীর ছেলে জয়নাল উদ্দিন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁর বাড়ি যাতায়াতের রাস্তা নিচু হওয়ায় তিনি দুই লাখ টাকা খরচ করে ৫ ফুট চওড়া ও ৫০ ফুট দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করেন। গত ১০ ফে্ব্রুয়ারি সন্ধ্যায় আমাকে ডেকে নিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন একই গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে আব্দুল আলিম বাসানি। সে এলাকার ত্রাস ‘বাসানী গ্রুপে’র প্রধান। এসময় তার প্রধান সহযোগী সাজন আমার বুকে ডেগার ঠেকিয়ে ১০দিনের মধ্যে দুই লাখ টাকা না দিলে খুনের আল্টিমেটাম দেয়।
বিষয়টি স্থানীয় মুরব্বিদের জানালে গত ১৯ ফেব্রুয়ারি আব্দুল আলিম ও তার সহযোগী একই গ্রামের মৃত তজমুল আলীর ছেলে মাজু সাজু তারেক আহমদ বচন রাজু সাজন, মৃত মদরিছ আলীর ছেলে কামাল জামাল বাবলা ও রাজন, আব্দুল আলীর ছেলে নাসির, মক্তার আলীর ছেলে জাহাঙ্গীর, মজির উদ্দিনের ছেলে মঈনুল, দাহাল গ্রামের তকু মিয়ার ছেলে সাজেদ ও মুসন মিয়ার ছেলে বলাই দা ডেগার কোদাল খুন্তিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার তৈরি রাস্তার মাটি কাটতে শুরু করে। আমি বাধা দিলে তারা আমাকে মারধোর করে। আমি মারাত্মক জখম হই। আমার স্ত্রী সায়মা আমাকে রক্ষায় এগিয়ে এলে তার উপরও হামলা হয়। এমনকি তার কাপড় চোপড় টেনে ঁিছড়ে শ্লীলতাহানী করে। তারা আমার তৈরি রাস্তার মাটি খুঁড়ে ফেলে দুই লাখ টাকার ক্ষতি সাধন করে। প্রতিবেশীরা উদ্ধার করে আমাকের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তিনি বলেন, এ ব্যাপারে গত ৩ মার্চ আমি নিজে বাদী হয়ে বাসানী গ্রæপের প্রধান আব্দুল আলিম ও তার ১৪ জন সহযোগীকে আসামী করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪ বিয়ানীবাজার সিলেটে একটি মামলা দায়ের করি (নং ৮৩/২০২২)। আদালত মামলাটি তদন্তের নির্দেশ দেন। এ মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয় চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়সল আহমদকে। কিন্তু তিনি আমার কাছে ৪০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেয়ায় তিনি জালালনগর গ্রামের আসাব আলীর ছেলে আব্দুর রহিম ও সাহাবুদ্দিনের সাথে বিরোধ দেখিয়ে আসামীদের কাছ থেকে অবৈধ ফায়দা লাভের মাধ্যমে ঘটনাস্থল পরিদর্শন বা মেডিকেলের কাগজপত্র না দেখে এবং স্বাক্ষীদের কোন জিজ্ঞাসাবাদ না করেই তিনি ১৫ জনের মধ্যে ১৪ জনের নাম বাদ দিয়ে গত ১২ অক্টোবর আদালতে একটি সাজানো প্রতিবেদন দাখিল করেন। এই প্রতিবেদনের বিরুদ্ধে তিনি বুধবার (২ নভেম্বর) নারাজি দিয়েছেন। তিনি বলেন, আসামীদের বিরুদ্ধে ডাকাতিসহ আরও বিভিন্ন ধরনের মামলা রয়েছে। এরমধ্যে সাজু ও বচন ডাকাতি মামলায় ১০ বছর সাজা ভোগ করেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়নাল উদ্দিন জানান, আসামীরা এলাকায় কেউ নতুন একটি গাড়ি কিনলেও তার কাছ থেকে চাঁদা আদায় করে।
জয়নাল তার কাছে চাঁদা দাবি এবং মিথ্যা বানোয়াট প্রতিবেদন দাখিল করায় এসআই ফয়সল আহমদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জয়নাল উদ্দিনের ছেলে সায়েফ আহমদ। উপস্থিত ছিলেন তার বন্ধু আশুক উদ্দিন।