শাবি প্রতিনিধি
নভেম্বর / ১৪ / ২০২২
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত প্রহসনের অভিন্ন
নীতিমালা প্রতিহত এবং নবম পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ৫০ শতাংশ
মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারীবৃন্দ।
সোমবার (১৪
নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের ডাকে এ মানববন্ধন
অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী
ফেডারেশনের (বাআবিকফ) যুগ্ম সম্পাদক রমজান আহমদের সঞ্চালনায় এসময় বক্তব্য
দেন বাআবিকফের সহ-সভাপতি ছাদেক আহমেদ, তাজুল ইসলাম, সাহজাহান সিরাজ,
সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন বুকসান, বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী
সমিতির সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পরিবহন সমিতির সাধারণ সম্পাদক কামরুল
ইসলাম ও সদস্য দিদার আহমদ।
এসময় বক্তারা বলেন, ২০১৫ সালের পর
কর্মচারীদের কোনো পে-স্কেল ঘোষণা করা হয়নি। প্রতিটি কর্মচারী খুব কষ্টে
জীবনযাপন করছে। ১৫ সালের পর থেকে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয়
জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে, সে তুলনায় আমাদের নতুন কোনো পে-স্কেল
ঘোষণা করা হয়নি। সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যাতে দ্রুত আমাদের
নবম পে-স্কেল ঘোষণা করা হয়। এসময় নবম পে-স্কেল বাস্তবায়নের পূর্বপর্যন্ত
কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানান তারা।
ইউজিসি
কর্তৃক প্রণীত নীতিমালাকে কর্মচারীবান্ধব নীতিমালা নয় উল্লেখ করে বক্তারা
বলেন, এ নীতিমালা প্রহসনের নীতিমালা। এটা কর্মচারীদের জন্য কল্যাণকর নয়। এই
নীতিমালা প্রতিহত করতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।