বিজ্ঞপ্তি
নভেম্বর / ১৪ / ২০২২
যুব নারীদের উন্নয়ন ও স্বাবলম্বীর লক্ষে ৭ দিনব্যাপী আয়মূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান গত ১২ নভেম্বর শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দলইগ্রাম পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে কনসার্ন উইমেন্স ফর ফ্যামিলী ডেভলপমেন্ট ও ইউ.এন.এফ.পি.এ. এর যৌথ সহযোগিতায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ নারী কিশোরী এবং ট্রান্সজেন্ডারদের সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্যের চাহিদা পূরণ করা, নারীদের স্বাস্থ্য সচেতনতা সহ ৭ দিনব্যাপী যুবনারীদের আয়মূলক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক ও কর্মশালার প্রশিক্ষক রোকসানা বেগম।
কর্মশালায় বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফুর রহমান, তেলিখাল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার রহমত আলী, প্রশিক্ষক শওকত হাসান, মনির হোসেন, ফোকাল পার্সন ও ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের স্টাফ মোঃ ফজলুর রহমান প্রমুখ। প্রশিক্ষণে এলাকার ১৩ থেকে ১৭ বছর বয়সের ৩০ জন যুবনারীরা অংশ গ্রহণ করেন।
কর্মশালায় নারী-কিশোরীদের প্রতিষ্ঠিত ও স্বাবলম্বী করতে আয়মূলক বিভিন্ন কলাকৌশল শিখানো হয়। ৭ দিনব্যাপী প্রশিক্ষণ থেকে নারীরা নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক কিছু শিখতে পারবেন। বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি উদ্যোগে তেলিখাল ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ৭ দিনব্যাপী আয়মূলক প্রশিক্ষণ দেওয়া হবে।