শাবি প্রতিনিধি
নভেম্বর / ১৮ / ২০২২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে প্রথম
উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের
অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। সিলেটের স্থানীয় বেসরকারি মেট্রোপলিটন
ইউনিভার্সিটিতে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
সম্প্রতি
রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের
উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে
বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি
বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জহিরুল
হককে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ
জহিরুল হক বলেন, শাবিপ্রবির শিক্ষার্থী হিসেবে প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ের
ভিসি হিসেবে আমি নিয়োগ পেয়েছি। এটির জন্য আমরা আনন্দিত ও গর্বিত। সবার
সহযোগিতার নিয়ে আমি আমার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাব।